সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা

4 October 2026, 2:39:52

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

কটকা মোহনায় নোঙর করা ‘দি ওয়েভ-২’-এর কাছে ট্রলারে করে এগিয়ে আসছিল সশস্ত্র দল—বনরক্ষীদের চার রাউন্ড গুলিবর্ষণ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে ট্রলারে করে এগিয়ে আসা একটি সন্দেহভাজন বনদস্যু দলকে ধাওয়া করে চার রাউন্ড গুলি ছুড়েছে বনরক্ষীরা। গুলির মুখে ট্রলারের গতিপথ পরিবর্তন করে সাগরের দিকে পালিয়ে যায় তারা। এতে পর্যটকবাহী জাহাজটিতে ডাকাতির চেষ্টা পণ্ড হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

শনিবার রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় এ ঘটনা ঘটে। ওই সময় ‘দি ওয়েভ-২’সহ দুটি পর্যটকবাহী জাহাজ কটকা এলাকায় নোঙর করা ছিল।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান রাত ১১টার দিকে জানান, ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে অজ্ঞাতপরিচয় কয়েকজন ‘দি ওয়েভ-২’-এর দিকে এগিয়ে আসছিল। কটকার মোহনায় সাগরে অবস্থানরত জেলেরা বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে বনরক্ষীদের খবর দেন।

খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত একটি বোট নিয়ে ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা সরে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করা হয়। একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর ট্রলারটি ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে চলে যায় সন্দেহভাজনরা।

বর্তমানে কটকা এলাকায় ‘দি ওয়েভ-২’ ও ‘আরালসী’ নামে দুটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছে। ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম জানান, দুই জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের এগিয়ে আসার ঘটনা উদ্বেগজনক। তাঁর ভাষ্য, এর আগে পর্যটকবাহী জাহাজকে ঘিরে এমন ঘটনা ঘটেনি।

ডিএফও আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তাঁরা জেলেদের ধরে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। এ পরিস্থিতিতে বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাতের টহল আরও জোরদার করা প্রয়োজন।

পর্যটন মৌসুমে সুন্দরবনের বিভিন্ন এলাকায় পর্যটকবাহী জাহাজের চলাচল বাড়ে। এমন সময়ে কটকার মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই ঘটনা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard