২৪ ঘণ্টার আল্টিমেটাম: বরগুনার সাংবাদিক আসাদ সবুজের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

২৪ ঘণ্টার আল্টিমেটাম: বরগুনার সাংবাদিক আসাদ সবুজের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

4 October 2026, 8:36:54

২৪ ঘণ্টার আল্টিমেটাম: বরগুনার সাংবাদিক আসাদ সবুজের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

রনি মল্লিক,বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের করা কথিত চাঁদাবাজির মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং গ্রেপ্তারের সময় অমানবিক আচরণের সুষ্ঠু তদন্তের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক বৈঠক শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এই আল্টিমেটাম ঘোষণা করেন।
বৈঠকে আসাদ সবুজকে গ্রেপ্তারের সময় হেনস্তা ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উত্থাপিত হলে বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার আশ্বস্ত করে বলেন, “তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দায়ের করা মামলাটিও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।”
সাংবাদিক নেতারা জানান, একটি ভূমি-সংক্রান্ত ঘটনার অনুসন্ধান করতে গিয়ে আসাদ সবুজ ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলার শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর মামলা, হামলা ও নির্যাতনকে স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি উল্লেখ করে তারা অবিলম্বে সকল হয়রানি বন্ধ ও ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানান। আগামী ৮ নভেম্বরের মধ্যে এই আইন প্রণয়নের বিষয়টি বিবেচনায় নিতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।
বৈঠকে পুলিশ সুপার কুদরত ই খুদা ছাড়াও বরগুনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বিএমএসএফ-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, কারারুদ্ধ সাংবাদিক আসাদ সবুজের আইনি লড়াই পরিচালনা করবেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরগুনা জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের। রোববার বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৪ ঘণ্টার নির্ধারিত সময়ের মধ্যে আসাদ সবুজকে মুক্তি দেওয়া না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard