বৃহস্পতিবার ৮ অক্টোবর, ২০২৬

ঝালকাঠিতে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ আত্মসাতের অভিযোগ পুবালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

7 October, 2026 8:07:31
ঝালকাঠিতে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ আত্মসাতের অভিযোগ পুবালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

​মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি :

ঝালকাঠির কাঠালিয়ায় ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ব্যবস্থাপক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

​উপজেলার আমরিবুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কালাম হাওলাদার বাড়ি নির্মাণের জন্য পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখায় ১৫ লাখ টাকার ঋণের আবেদন করেন। তার অভিযোগ, ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময় লোক মারফত তার কাছ থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা নেন। প্রায় দুই বছর ধরে নানা অজুহাতে ঋণের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। এমনকি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বেলে ও চিংড়ি মাছ কিনে দেওয়ার কথা বলা হয়। পরবর্তীতে চলতি বছরের অক্টোবরের শুরুতে ঋণ পাওয়ার কথা বলা হলেও সেপ্টেম্বরের শেষদিকে জানানো হয়, তার ঋণটি অনুমোদন হয়নি। এ ঘটনায় আর্থিক ক্ষতির প্রতিকার চেয়ে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

​অভিযোগের বিষয়ে পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, “আমি কোনো টাকা নিইনি। প্ল্যান ও অন্যান্য কাজের খরচ তিনি নিজেই দিয়েছেন। মূলত ছেলের বিদেশ থেকে টাকা পাঠানোর লেনদেনে অনিয়মিত হওয়ার কারণে লোনটি পাস হয়নি।”

​এ বিষয়ে পুবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ডিজিএম মুহাম্মদ মোশাহিদ উল্লাহ জানান, “ঋণের বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীর টাকা নেওয়ার সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard