গাজীপুরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন
গাজীপুরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

মোঃ মোজাম্মেল হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর দক্ষিণপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে গতকাল শনিবার দুপুরে আপন চাচাতো ভাইয়ের হামলায় নিলয় সরকার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। সে ওই গ্রামের ওষুধ ব্যবসায়ী মনির হোসেনের একমাত্র ছেলে। অভিযুক্ত ঘাতক রাসেল সরকার ইসমাইল হোসেন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিলয় সরকারের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই রাসেল সরকারের বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমি থেকে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুপুরে নিলয় সরকার তার পিতার বলখেলার বাজারের ওষুধের দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে দা নিয়ে উতপেতে থাকা রাসেল সরকার তার ওপর হামলা চালায়। এ সময় নিলয় মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেলসহ সড়কের পাশে একটি গাছে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন বিকট শব্দ শুনে স্থানীয়রা দৌড়ে এসে আশঙ্কাজনক অবস্থায় নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে হামলার পর লোকজন আসার আগেই রাসেল সরকার ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, দুই চাচাতো ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয়কে কোপানোর পর ঘাতক রাসেল সরকার মোটরসাইকেলে করে পালিয়ে যায়। নিহতের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত রাসেল সরকারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: