সার-বীজ সরবরাহে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত
সার-বীজ সরবরাহে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত

মাফিকুল ইসলাম,দিনাজপুর প্রতিনিধি:-
কৃষি মৌসুমে সার ও বীজের সরবরাহ স্বাভাবিক রাখতে দিনাজপুরে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ডিলারদের কার্যক্রম পর্যবেক্ষণ, মজুত পরিস্থিতি পর্যালোচনা এবং বাজারে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া সঠিক সময়ে সার পান, সেটি নিশ্চিত করতে হবে। সরকারি পর্যায়ে পর্যাপ্ত সার ও বীজ মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভুল তথ্য বা গুজব ছড়িয়ে কেউ যেন বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় সার ও বীজের মজুত, সরবরাহ ও বিতরণ ব্যবস্থার পাশাপাশি খুচরা পর্যায়ে কৃষকদের কাছে পণ্য পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, জেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকটের তথ্য পাওয়া গেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: