ইলুহারে সিঁধ কেটে রাতের আঁধারে একাধিক ঘরে চুরি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ইলুহারে সিঁধ কেটে রাতের আঁধারে একাধিক ঘরে চুরি

29 August 2026, 3:14:19

ইলুহারে সিঁধ কেটে রাতের আঁধারে একাধিক ঘরে চুরি

সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে রাতের আঁধারে সিঁধ কেটে একাধিক ঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে প্রাচীন পদ্ধতিতে ঘরের দেয়ালে সিঁধ কেটে চোরচক্র এসব চুরি করে। একই রাতে একাধিক স্থানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মলুহার গ্রামের সবুর মাস্টারের বাড়িসহ জামাল হোসেনের ফার্মের একটি ঘরে সিঁধ কেটে প্রবেশ করে চোরেরা। পরে ঘর তছনছ করে বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় তারা।

ভুক্তভোগী সবুর মাস্টার জানান, বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। এ সময় একটি মোবাইল ফোন, বিদেশি লাইট, নগদ অর্থসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ঘর থেকে বের হওয়ার সময় শব্দ হলে তার ও পরিবারের কয়েকজনের ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হলেও চোরদের আর পাওয়া যায়নি।

সবুর মাস্টার আরও বলেন, বানারীপাড়ায় গত কয়েক বছর ধরে সিঁধ কেটে চুরির ঘটনা তেমন একটা দেখা যায়নি। তবে সম্প্রতি আবারও প্রাচীন এই পদ্ধতিতে চুরির ঘটনা ঘটছে। তার ধারণা, পুরোনো সিঁধকাটা চোরচক্র আবারও সক্রিয় হয়ে থাকতে পারে।

এদিকে, একই এলাকায় এক রাতে একাধিক ঘরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। রাতের বেলায় নিজেদের ঘরবাড়ি ও মালামালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, গত কিছুদিনে বানারীপাড়া থানায় সিঁধ কেটে চুরির ঘটনায় কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। ইলুহারে চুরির ঘটনাটির বিষয়েও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। চোর বা চোরচক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard