ছয়মাসে হাজার হাজার মানুষ বেকার এবং দিনে গড়ে ১০ জন খুন বিএনপি সরকারের ব্যর্থতারই সাক্ষ্য দেয় -পীর সাহেব চরমোনাই
ছয়মাসে হাজার হাজার মানুষ বেকার এবং দিনে গড়ে ১০ জন খুন বিএনপি সরকারের ব্যর্থতারই সাক্ষ্য দেয় -পীর সাহেব চরমোনাই

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব অনেক আশার বাণী শুনিয়েছিলো, এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করেছিলো, জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলো। বিএনপি সরকার গঠনের পরে ছয়মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু তাদের দেয়া কোন প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণও প্রকাশ পায় নাই। বরং অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। গত ছয়মাসে শুধু আরএমজি খাতেই বেকার হয়েছে ২০ হাজারের মতো মানুষ, প্রতিদিন গড়ে দশজন করে মানুষ খুন হচ্ছে, লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে, জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয়মাস সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়।

২৯ আগস্ট ২০২৬, শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ হত্যার পরে পুলিশ খুনিদের গ্রেফতার করলেও কোন বিচার হয় না। নিম্ন আদালতে বিচারের রায় ঘোষণা হলেও সেই রায় আর কার্যকর হয় না, আদালতের অন্দরে বিচার পথ হারায়। অথচ জনগণের প্রত্যাশা ছিলো, অপরাধ সংগঠনের আগেই পুলিশ সক্রিয় হবে, অপরাধ সংগঠনের আগেই অপরাধী নিস্ক্রিয় হবে। সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে।
সরকারকে বলবো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, লোডশেডিং কমান, জ্বালানি সংকট সমাধান করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর বলেন, সংস্কারের বিষয়ে আমরা বারংবার বলে আসছি। কিন্তু এই বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিলো। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয়টিও অনুসরণ করা হয়নি। সংস্কারের অন্য বিষয়গুলোতে সরকার রীতিমতো বিরুদ্ধ অবস্থান নিয়েছে। আমরা বারংবার বলে আসছি, দেশে সাংবিধানিক সুযোগ ব্যবহার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের দাবি ছিলো, জুলাই সনদের আলোকে সংস্কার সাধন করে দেশ থেকে স্বৈরতেন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে। সরকারকে সতর্ক করে বলতে চাই, যদি সরকার সংস্কার না করে তাহলে যে ভয়াবহ পরিনতির আশংকা তৈরি হবে তার দায় এই সরকারকে নিতে হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: