ঈদগাঁওতে প্রশাসনের অভিযান নিয়ে জনমনে ক্ষোভ | বিডি-প্রেস 24 ডট কম

ঈদগাঁওতে প্রশাসনের অভিযান নিয়ে জনমনে ক্ষোভ

9 April 2026, 3:53:18

ঈদগাঁওতে প্রশাসনের অভিযান নিয়ে জনমনে ক্ষোভ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঈদগাঁও বাজার ও বাস স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার ও বাস স্টেশন এলাকায় পলিথিন ও সংশ্লিষ্ট সামগ্রীর ডজনাধিক দোকান থাকলেও মাত্র দু-একটি দোকানকে টার্গেট করে অভিযান পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সচেতন বাজারবাসীর দাবি, অনেক দোকান পলিথিন বিক্রি করলেও কয়েকটি নির্দিষ্ট দোকানকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান সায়েমের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে বাজারের ডিসি রোডস্থ হাইস্কুল গেট এলাকার মেসার্স জামান পলিথিন স্টোর থেকে প্রায় ৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য অর্ধলক্ষাধিক টাকা হতে পারে বলে জানান দোকানটির মালিক।

এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (খ) ধারায় দোকানটিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে চার দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের আব্দুল লতিফ জনিসহ ব্যাটালিয়ন আনসারের একটি টিম উপস্থিত ছিলেন।

এদিকে সচেতন বাজারবাসীর অভিযোগ, সরকার পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে কেবল বিপণন পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর জরিমানা আরোপ করছে। এতে ব্যবসায়ীরা আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা দাবি করেন।

জানা গেছে, এর আগেও একই ম্যাজিস্ট্রেট বাস স্টেশন এলাকার পলিথিন বিক্রয় ও বিপণনের সাথে জড়িত অপর একটি দোকানে অভিযান চালিয়ে ১ হাজার টাকা জরিমানা করেন এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেন।

স্থানীয়দের দাবি, পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকলেও তা যেন সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়, যাতে কোনো নির্দিষ্ট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না হন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: