​এইচএসসি পরীক্ষা ও শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

​এইচএসসি পরীক্ষা ও শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

14 July 2026, 6:57:14

​এইচএসসি পরীক্ষা ও শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মোঃ ইমরান মুন্সি, ​ঝালকাঠি প্রতিনিধি | ১৪ জুলাই, ২০২৬

​দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঝালকাঠি। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের প্রাণকেন্দ্রে জড়ো হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

​মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে শিক্ষার্থীরা সমবেত হন। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অঝোর বৃষ্টি উপেক্ষা করে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শহরের চারটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ফেলেন তারা। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধে অফিসফেরত যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

​এদিকে, চলমান এই আন্দোলন ও পরিস্থিতি নিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহমেদ সালাউদ্দীন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, “ঝালকাঠিতে ইন্টার থার্ড ইয়ারের পোলাপান রাজপথে গোলযোগ করিও না..”। এ ধরনের মন্তব্য নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

​আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, চরম বৈরী আবহাওয়ার মধ্যে জীবন ঝুঁকিতে ফেলে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি, পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে তারা ‘অপমানজনক ও সম্মানহানিকর’ হিসেবে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, এ ধরনের বক্তব্য শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

​তীব্র ক্ষোভ থাকলেও শিক্ষার্থীদের মধ্যে মানবিকতার পরিচয় দেখা গেছে। অবরোধ চলাকালে তারা অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলের জন্য বিশেষ পথ তৈরি করে দেন এবং নির্বিঘ্নে সেগুলো চলাচলের সুযোগ করে দেন।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। ওসির আশ্বাসে শিক্ষার্থীরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

​শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা আপাতত ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত রেখেছেন। তবে আগামী বুধবারের মধ্যে দাবি পূরণে কোনো সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হলে, পরীক্ষা শেষে দুপুর থেকে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: