মোল্লাহাটে কৃষকদের মাঝে বীজ,সার ও চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / কৃষি / বিস্তারিত

মোল্লাহাটে কৃষকদের মাঝে বীজ,সার ও চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন

2 July 2026, 3:13:11

মোল্লাহাটে কৃষকদের মাঝে বীজ,সার ও চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন

মোল্লাহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ -২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার দুইশত জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে চারা ও উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।
টেকসই কৃষি উন্নয়ন এবং পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৫০০ কৃষকের মাঝে ৫টি করে নারিকেল চারা, ৭০০ কৃষকের মাঝে ৫ কেজি করে রোপাআমন ধান, ৮০ কৃষকের মাঝে ৫ টি করে আম, লিচু, সফেদা, কাঁঠাল, বাতাবি লেবু ৪০ কৃষকের মাঝে ৫ টি করে মাল্টা, জলপাই, কদবেল ১৬০ কৃষকের মাঝে ৫ টি করে সুপারি, আমড়া, নীম, জাম, বেল ৭০০ কৃষকের মাঝে শাকসবজি (উফসি, হাইব্রিড) ও ১৫ জন কৃষকের মাঝে ৫ টি করে লেবুর চারা এবং সকল কৃষকের মাঝে প্রয়োজনীয় সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এ কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন কৃষকদের উদ্দেশ্যে চারা রোপণের সঠিক নিয়ম ও বর্ষাকালীন পরিচর্যার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিশেষ করে কাঁঠাল ও আমের চারার গোড়ায় যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিনামূল্যে উন্নত জাতের মানসম্মত চারা ও বীজ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। তারা জানান, বর্তমান বাজারে ভালো মানের কলমের চারার যে দাম, তা সাধারণ কৃষকদের পক্ষে কেনা কঠিন। সরকারিভাবে এই সহায়তা পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে উপস্থিত সুবিধাভোগীদের মাঝে ফলজ গাছের যত্ন-পরিচর্যা বিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: