মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে মাদকের বিরুদ্ধে গণসচেতনতামূলক সভা, পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠনের দাবি

21 September, 2026 10:51:39
পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠনের দাবি

মাফিকুল ইসলাম, পার্বতীপুর,দিনাজপুর,প্রতিনিধি:-

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন, মাদকের সহজলভ্যতা রোধ এবং প্রশাসনের সহযোগিতায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সভায় অংশ নেওয়া বক্তারা।

বুধবার সন্ধ্যায় খাগড়াবন্দ শাহগঞ্জের হাটে হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মো. সাজেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

মুক্ত আলোচনায় বক্তারা এলাকায় মাদকের বিস্তার ও এর সামাজিক ক্ষতিকর দিক তুলে ধরেন। স্থানীয় হায়দার আলী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রথমে পাড়া-মহল্লাভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে। এসব কমিটির মাধ্যমে মাদকসেবী ও কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে।

বন পাহারায় নিয়োজিত শাহাজাহান তাঁর মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে অভিযোগ করেন, কুইক চিকস-৫ সংলগ্ন একটি বাড়ি, পাশের সেতুর নিচে তৈরি করা কৃত্রিম ঘর এবং বেতবাগানের কিছু স্থান মাদক লেনদেনের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি এসব এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানান।

সিনিয়র শিক্ষক রেজাউল আলম শাহ বলেন, মাদকের কারণে শুধু একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন না; এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিএনপি নেতা মেজবাহুল হক দল-মত নির্বিশেষে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আনজুম আরা মাদকাসক্ত ও ক্যাসিনো-সংশ্লিষ্টতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মাদকের কারণে অনেক পরিবারে অশান্তি ও নানা ধরনের সামাজিক সংকট তৈরি হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।

মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজসচেতন ব্যক্তি খন্দকার এইচ আর হাবিব বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ব্যক্তিগত ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি মাদকাসক্ত সন্তান একটি পরিবারের জন্য যেমন বড় সংকট, তেমনি তা সমাজের জন্যও হুমকি তৈরি করে।

তিনি পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন, মাদক কারবারিদের চিহ্নিত করা, মাদকের সহজলভ্যতা রোধ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ক্লাবের মাধ্যমে নিয়মিত সেমিনার, প্রচার ও পোস্টারিং করার প্রস্তাব দেন। পাশাপাশি পুলিশের কোনো কোনো সদস্যের কথিত দ্বিচারিতা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

খন্দকার এইচ আর হাবিব আরও বলেন, একক কোনো ব্যক্তির পক্ষে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। জনসম্পৃক্ততা, গণসচেতনতা এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতার সমন্বিত উদ্যোগই এ সমস্যা মোকাবিলার কার্যকর পথ হতে পারে।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদক ও ক্যাসিনোর ভয়াবহতা রোধে নিশ্চুপ থাকার সুযোগ নেই। একটি পরিবার থেকে এর ক্ষতিকর প্রভাব অন্য পরিবারেও ছড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। কোনো অভিভাবকই চান না তাঁর সন্তান মাদকাসক্ত হোক।

তিনি বলেন, পরিস্থিতি ও পরিবেশ অনেক পরিবারকে নানা সংকটের মুখে ফেলছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব তোছাদ্দেক হোসেন শাহ, আলহাজ্ব আলফাজ হোসেন (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা), মহিলা সদস্য জাফরিন নাহার, মো. মোকাররম হোসেন, মো. আতাউর রহমান, মো. মোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আলাউদ্দিন পাইকার।

মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল, দিনাজপুর | ২১ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard