বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

21 September 2026, 11:41:54

বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মামলায় জামিন নামঞ্জুর

সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ 

বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিরা। শুনানি শেষে বিচারক শেখ ফারুক হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ফারুক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন সরদার, ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির, বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গির হোসেন বেপারী, সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল এবং বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার।

আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পাওয়ার পর সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন ওই ১০ আসামি। পরে তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল বাদী হয়ে গত ২১ জুন বানারীপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

এজাহারে অভিযোগ করা হয়, বাদীর বাড়িতে বোমা নিক্ষেপের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়।

মামলায় বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার পরবর্তী জামিন শুনানি আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard