বুধবার ১ জুলাই, ২০২৬

সবুজে সাজুক ক্যাম্পাস: শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব

30 June, 2026 3:39:01
সবুজে সাজুক ক্যাম্পাস: শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ জুন ২০২৬ :

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান সবুজায়নের লক্ষ্যে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।

কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়েও কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশ প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (এক শিশু, এক গাছ) কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ কোটি গাছ রোপণ করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণের পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অনুদানও বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস, সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক রনেন্দ্র চক্রবর্তী ও মো. জসিম উদ্দিন। এছাড়া সহকারী শিক্ষক সুপর্ণা সাহা, সুপ্রিয়া সাহা, পূজা দাস গুপ্ত, কাজলি দেবনাথ, মহ্বত আলী, আব্দুল আউয়াল, ঝলক দেবনাথ, টিটু রঞ্জন দেব, চন্দন তাতীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

প্রধান শিক্ষক কবিতা রানী দাস বলেন, সরকারের এ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব দেশে পরিণত হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবুজই হবে আমাদের পরিচয়।#

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport