রুহিয়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা, ২৮ মণ্ডপে হবে দুর্গাপূজা
রুহিয়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা, ২৮ মণ্ডপে হবে দুর্গাপূজা

কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতের ছোঁয়ায় তারা কাদামাটি, খড়, বাঁশ, সুতলি ও রঙতুলি দিয়ে তৈরি করছেন একেকটি প্রতিমা।
উপজেলার বিভিন্ন মন্দির ও মণ্ডপ প্রাঙ্গণে নানা আকার ও ঢঙের দেবী দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। রুহিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সার্বিক তত্ত্বাবধানে এবার সব মিলিয়ে উপজেলার ২৮ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
ঢোলারহাট, পাটিয়াডাঙ্গী, রামনাথ, বড়দেশ্বরীসহ বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। মণ্ডপে মণ্ডপে চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ। ইতোমধ্যে খড় ও কাদামাটি দিয়ে প্রতিমার অবয়ব তৈরির কাজ এগিয়ে চলেছে।
কল্পনায় দেবীদুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে সকাল থেকে শুরু করে দিনরাত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা। তবে প্রতিমা নির্মাণের প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভ কম হবে বলে আশঙ্কা করছেন কারিগররা।
প্রতিমা শিল্পী, রঞ্জিত চন্দ্র, গোপাল মালাকারসহ অনেকে বলেন, “একেকটি প্রতিমা তৈরি করতে খরচ প্রায় ৪০ হাজার থেকে ১ লাখ টাকা। সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় খুবই কষ্টের জীবন যাপন করছি। তাড়াতাড়ি কীভাবে কাজ শেষ করা যায়, সেজন্য দিনরাত পরিশ্রম করছি।”
রুহিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী বিকাশ চন্দ্র রায় বলেন, “রুহিয়ায় ২৮ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করব। প্রতিটি মন্দিরে কমিটির পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিলাদুন নবী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রুহিয়া থানার পক্ষ থেকে আইনশৃঙ্খলা স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রতিমা তৈরির স্থানগুলোতে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ অবস্থানে থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: