মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান
মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে দৈবজ্ঞহাটী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মশিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাগেরহাট জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি), বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং দৈবজ্ঞহাটী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহ, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা পারভীন, মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউনুচ আলী আকন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার, সেলিমাবাদ প্রেসক্লাবের সভাপতি ও দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ারসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ, রোপণ ও নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়। এ কর্মসূচিতে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি একটি সুন্দর, সবুজ ও মাদকমুক্ত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: