বানারীপাড়ায় মানবপাচার মামলায় তরিকুল গ্রেপ্তার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

বানারীপাড়ায় মানবপাচার মামলায় তরিকুল গ্রেপ্তার

2 October 2026, 1:21:18

বানারীপাড়ায় মানবপাচার মামলায় তরিকুল গ্রেপ্তার

সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তরিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে চার লাখ টাকা নেওয়া এবং সেখানে নিয়ে গিয়ে কাজ ও বৈধ কাগজপত্র না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামের সেলিম হোসেন বেপারীর ছেলে আমিনুল ইসলাম (২২)কে সৌদি আরবে অর্ধলক্ষাধিক টাকা বেতনে একটি উন্নত হোটেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তরিকুল ইসলাম। এ জন্য আমিনুলের পরিবারের কাছ থেকে চার লাখ টাকা নেন তিনি।

অভিযোগ রয়েছে, গত ১১ ফেব্রুয়ারি আমিনুল ইসলামকে সৌদি আরবে নেওয়া হলেও সেখানে তাকে কোনো কাজ দেওয়া হয়নি। এমনকি ওয়ার্ক পারমিট, আকামাসহ বৈধ কোনো কাগজপত্রও দেওয়া হয়নি। বরং তাকে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়।

একপর্যায়ে আমিনুলকে দেশে ফেরত পাঠানোর কথা বলে তার পরিবারের কাছ থেকে আরও ৩৫ হাজার টাকা নেওয়া হলেও তাকে দেশে ফেরত পাঠানো হয়নি। বর্তমানে বৈধ কাগজপত্র না থাকায় আমিনুল সৌদি আরবে অবৈধ হিসেবে মানবেতর জীবনযাপন করছেন এবং দেশে ফিরতে পারছেন না বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ছেলের এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েন তার বাবা-মা। পরে নিরুপায় হয়ে আমিনুলের বাবা সেলিম হোসেন বেপারী গত ৯ সেপ্টেম্বর বরিশাল মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে আমিনুল ইসলামের বাবা সেলিম বেপারী বলেন, ছেলেকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয়েছেন তিনি। ছেলের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন বলেও জানান তিনি।

সেলিম বেপারীর অভিযোগ, শুধু তার ছেলে নয়, এভাবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে অসংখ্য যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে পাঠানো হয়েছে। পরে তাদের অনেককেই প্রতিশ্রুত চাকরি ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না দিয়ে বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিদেশে চাকরির স্বপ্ন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের অনিশ্চয়তা ও বিপদের মধ্যে ঠেলে দেওয়া মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

আদালতের বিচারক সৈয়দ আবিদুল হকের নির্দেশে গত ২০ সেপ্টেম্বর মামলাটি বানারীপাড়া থানায় রুজু করা হয়। পরে মামলার তদন্তের ধারাবাহিকতায় বুধবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে বানারীপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard