ঝালকাঠিতে ফুটবল নিয়ে তর্কে ব্রাজিল সমর্থকের নাকের হাড় ভাঙলেন আর্জেন্টিনা সমর্থক | বিডি-প্রেস 24 ডট কম
হোম / খেলাধুলা / বিস্তারিত

ঝালকাঠিতে ফুটবল নিয়ে তর্কে ব্রাজিল সমর্থকের নাকের হাড় ভাঙলেন আর্জেন্টিনা সমর্থক

5 July 2026, 5:08:36

ঝালকাঠিতে ফুটবল নিয়ে তর্কে ব্রাজিল সমর্থকের নাকের হাড় ভাঙলেন আর্জেন্টিনা সমর্থক

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

ঝালকাঠির নলছিটিতে ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষের ঘুষিতে হাসিবুল ইসলাম (২০) নামে এক যুবকের নাকের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে।

​আহত হাসিবুল ইসলাম স্থানীয় বারইকরন গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে। তিনি ব্রাজিল সমর্থক এবং অভিযুক্ত শুভ আর্জেন্টিনা সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।

​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আক্কেল আলীর নাতি শুভ অতর্কিতে হাসিবুলকে সজোরে ঘুষি মারেন। এতে হাসিবুলের নাকে গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসিবুলের নাকের হাড় ভেঙে গেছে।

​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, অভিযুক্ত শুভ’র পরিবার এলাকায় আর্থিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় আধিপত্য বিস্তার করে আসছে। শুভর নানার বাড়ির সদস্য প্রবাসী হওয়ায় তারা এলাকায় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর আগেও স্থানীয়দের সঙ্গে মারধরের ঘটনায় তাদের নাম এসেছে। এছাড়া শুভর বিরুদ্ধে এলাকায় মাদক সেবনেরও অভিযোগ রয়েছে বলে দাবি এলাকাবাসীর।

​এ বিষয়ে অভিযুক্ত শুভ বা তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। আহত যুবকের পরিবারকে প্রথমে সুচিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: