ঝড়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে নৌকাডুবি: ৪ মৌয়াল উদ্ধার, এখনও নিখোঁজ ৪ | বিডি-প্রেস 24 ডট কম

ঝড়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে নৌকাডুবি: ৪ মৌয়াল উদ্ধার, এখনও নিখোঁজ ৪

10 April 2026, 6:54:55

ঝড়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে নৌকাডুবি: ৪ মৌয়াল উদ্ধার, এখনও নিখোঁজ ৪

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চারজন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও চারজন নিখোঁজ রয়েছেন। সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা সংলগ্ন রায়মঙ্গল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণ শেষে ফেরার পথে মৌয়ালদের বহনকারী একটি নৌকা হঠাৎ প্রবল ঝড়ে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার পর কয়েকজন মৌয়াল পানিতে ভেসে থাকতে থাকেন। পরে পরদিন সন্ধ্যার দিকে তারা সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া চারজন মৌয়াল হলেন— সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে লোকালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, এখনও নিখোঁজ রয়েছেন চারজন মৌয়াল। তারা হলেন— শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আঃ রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও রেঞ্জার ফজলুল হক জানান, গত ১ এপ্রিল বৈধ অনুমতিপত্র নিয়ে মৌয়ালদের একটি দল সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। সোমবার রাতে আকস্মিক ঝড়ের মুখে পড়লে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ মৌয়ালদের সন্ধানে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে এবং যৌথভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: