অতিরিক্ত ভিড় ও স্থান সংকুলান না হওয়ায় ভান্ডারিয়ায় নিতু বালার সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা: থমথমে পরিস্থিতি
অতিরিক্ত ভিড় ও স্থান সংকুলান না হওয়ায় ভান্ডারিয়ায় নিতু বালার সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা: থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তারাবুনিয়া এলাকার মৃধা বাড়ীস্থ স্বর্গীয় শ্রী নাথ মৃধা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গা উৎসবের বিজয়া দশমীর রাতে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভক্ত ও দর্শকদের উপচে পড়া ভিড় এবং তুলনামূলক ছোট মাঠ হওয়ায় চাপ নিয়ন্ত্রণ করতে না পেরে বিখ্যাত শিল্পী নিতু বালার সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার দিকে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় মন্দির কর্তৃপক্ষ।
অনুষ্ঠান বন্ধের পর পরই পুরো এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, বিজয়া দশমীর রাতে মৃধা বাড়ী মন্দিরে প্রখ্যাত শিল্পী নিতু বালার মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার জন্য পিরোজপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক ও ভক্তবৃন্দ ভিড় জমান। কিন্তু মন্দির প্রাঙ্গণের মাঠটি তুলনামূলক ছোট হওয়ায় এবং ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি লোকসমাগম ঘটায় নিরাপত্তা ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত ১০ ঘটিকায় অনুষ্ঠান স্থগিত বা বন্ধ বলে ঘোষণা করে মৃধা বাড়ী কর্তৃপক্ষ ও মন্দির পরিচালনা কমিটি।
তবে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়ার পর পরই উপস্থিত দর্শকদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে। ঘোষণা দেওয়ার দীর্ঘ এক ঘণ্টা সময় পেরিয়ে গেলেও রাত ১১টার দিকেও মাঠ পুরোপুরি খালি হয়নি। এ সময় ক্ষুব্ধ দর্শকদের মধ্য থেকে অন্তত দুই দফায় ভুয়া দুয়োধ্বনি দেওয়া হয়।
মন্দির কমিটির পক্ষ থেকে মাইকে বারবার অনুরোধ করা সত্ত্বেও দর্শকরা মাঠ ছেড়ে যেতে অনীহা প্রকাশ করেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: