শনিবার ১০ অক্টোবর, ২০২৬

জিয়ানগরে প্রধান শিক্ষক নেই, চতুর্থ শ্রেণির কর্মচারীর ক্লাস নেওয়ার অভিযোগ

9 October, 2026 11:27:56
জিয়ানগরে প্রধান শিক্ষক নেই, চতুর্থ শ্রেণির কর্মচারীর ক্লাস নেওয়ার অভিযোগ

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগরে ৩৪ নম্বর কলারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর-রশিদের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকা ও শ্রেণিকক্ষে পাঠদান না করার অভিযোগ উঠেছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এসব অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক সকাল ১০টার পর বিদ্যালয়ে এসে কিছুক্ষণের মধ্যেই উপজেলা শিক্ষা অফিসের কাজের কথা বলে চলে যান। পরে তিনি বাড়ির কাজে ব্যস্ত থাকেন।
এ ছাড়া বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মাসুম বিল্লাহকে দিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ানো হয় বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টা ২৫ মিনিটে বিদ্যালয়ে সহকারী শিক্ষক মমতাজ আক্তার উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, ওই সময় তিনি শ্রেণিকক্ষে পাঠদান না করে লাইব্রেরিতে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরে তিনি শ্রেণিকক্ষে চলে যান। এ সময় বিদ্যালয়ের অন্য দুই শিক্ষক কামরুজ্জামান ও মিজানুর রহমানকে পাওয়া যায়নি। পরে সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে প্রধান শিক্ষক হারুন অর-রশিদ ও সহকারী শিক্ষক কামরুজ্জামান বিদ্যালয়ে আসেন বলে জানা গেছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মাসুম বিল্লাহ বলেন, ‘স্যার বাইরে গেছেন। শিক্ষার্থীদের সামলানোর জন্য আমাকে ক্লাস নিতে হচ্ছে।’

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হারুন অর-রশিদ বলেন, ‘আমি ব্যাংকের কাজে গিয়েছিলাম। প্রায়ই শিক্ষা অফিসের কাজে যেতে হয়।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনসুর এলাহী বলেন, “বিষয়টি জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard