চরফ্যাশনের মায়া নদীতে গোসল করতে গিয়ে এক ইটভাটার শ্রমিক নিখোঁজ
চরফ্যাশনের মায়া নদীতে গোসল করতে গিয়ে এক ইটভাটার শ্রমিক নিখোঁজ

মোঃ নুর হোসন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনে মায়া নদীতে গোসল করতে গিয়ে আলমগীর (৩৫) নামে এক ইটভাটার শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তিনি শরিয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতার চর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও আবদুর রহমান খাঁর ছেলে।
জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকালে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেসার্স ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে অবস্থিত মায়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। আলমগীর গত বছরের ডিসেম্বর মাসে শরিয়তপুর এলাকার আব্বাস ও হযরত আলীর নেতৃত্বে কাজের উদ্দেশ্যে এখানে আসেন।
নিখোঁজ শ্রমিকের সহকর্মী মোসারফ হোসেন জানান, প্রতিদিনের মত শুক্রবার সকালে তারা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে আলমগীরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে তার ব্যবহৃত লুঙ্গি, ব্রাশ ও জুতা দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয়।
তিনি আরও জানান, আলমগীর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি পানিতে তলিয়ে যেতে পারেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং বরিশাল থেকে ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে।
ফাহিম ব্রিকসের ম্যানেজার আব্বাস উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটা থেকে আলমগীর নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ফায়ার সার্ভিস ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান জোরদার করা হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ আলমগীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: