মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬

কয়রায় প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট, ভোগান্তিতে শিক্ষকরা

13 July, 2026 11:38:53
কয়রায় প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট, ভোগান্তিতে শিক্ষকরা

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঁচজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও দীর্ঘদিন ধরে তিনটি পদ শূন্য রয়েছে। এছাড়া তিনজন অফিস সহকারী, একজন অফিস সহায়ক এবং একজন নৈশ প্রহরীর পদ অনুমোদিত থাকলেও বর্তমানে এসব পদে কোনো কর্মচারী কর্মরত নেই।

গত রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও দাপ্তরিক কাজ পরিচালনার জন্য অফিস সহকারী বা অফিস সহায়কের কাউকে পাওয়া যায়নি। বিভিন্ন বিদ্যালয় থেকে প্রয়োজনীয় দাপ্তরিক কাজে আসা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা কাউকে না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমল বাইন বলেন, “বিদ্যালয়ের প্রয়োজনীয় কাজে অফিসে এসেও কাউকে না পেয়ে ফিরে যাচ্ছি।

বর্তমানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং মাত্র দুইজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দিয়ে কোনো রকমে অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলায় ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮ শতাধিক শিক্ষক কর্মরত রয়েছেন এবং প্রায় ৫৪ জন দপ্তরি কাম নৈশপ্রহরী রয়েছেন।

শিক্ষা অফিসে জনবলের অভাবে পেনশন, পিআরএল, শিক্ষকদের বেতন-ভাতা, বিদ্যালয়ের বিভিন্ন তথ্য জমাদানসহ প্রায় সব ধরনের দাপ্তরিক কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক-কর্মচারীদের। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকলেও সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহিদুল আলম বলেন, অল্প কিছুদিনের মধ্যেই কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শূন্য পদগুলো পূরণ করা হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport