কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল
কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল
ফরহাদ হোসাইন কয়রা,(খুলনা) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার কয়রায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে এ ধরনের কর্মসূচি পালনের কথা জানানো হয়েছিল।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদান স্মরণ করে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এম এ হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স, সাবেক যুগ্ম আহ্বায়ক ও কয়রা প্রেসক্লাবের সভাপতি হারুনার রশিদ।
এছাড়া কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, মহারাজপুর বিএনপি নেত্রী নিগার সুলতানা, বিএনপি নেতা কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু, এফ এম মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমানসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং গণমানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা স্মরণ করেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খুলনা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



