সিলেটে রাস্তা থেকে তুলে নিয়ে নাবালিকা কিশোরীকে ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
সিলেটে রাস্তা থেকে তুলে নিয়ে নাবালিকা কিশোরীকে ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
সিলেট প্রতিনিধিঃ ১২ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫।
সিলেটের গোলাপগঞ্জে হৃদয়বিদারক এক ঘটনার অভিযোগ উঠেছে। বাজার থেকে বাড়ি ফেরার পথে মাত্র ১১ বছরের এক কিশোরীকে অপহরণ করে ফাঁকা একটি বাড়িতে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর-রুইগড় এলাকার রানাপিং শাহী ঈদগাহ সংলগ্ন স্থানে।
ভুক্তভোগীর মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইজনকে আসামি করে মামলা (নম্বর-৪, তারিখ-০৯-০৯-২০২৫) দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম মিয়াকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তিনি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রুইগড় গ্রামের জিতু মিয়ার ছেলে। অপর আসামি দখারপাড়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে এহসান আহমদ।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় পরিবারের প্রয়োজনীয় চা পাতা ও দুধ আনতে কিশোরীকে বাজারে পাঠানো হয়। দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে গিয়ে রানাপিং শাহী ঈদগাহের পাশে তার জুতা, চা পাতা ও দুধ পড়ে থাকতে দেখে সন্দেহে পড়ে। পরবর্তীতে সারা রাত খোঁজাখুঁজির পর রাত আনুমানিক তিনটার দিকে নিজ বাড়ির গেটের ভেতরে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পাওয়া যায়।
অবিলম্বে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। জ্ঞান ফেরার পর কিশোরী জানায়, পথে এহসান আহমদ ও সেলিম মিয়া মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নেয় এবং শাহী ঈদগাহ সংলগ্ন একটি ঘরের তালা ভেঙে ধর্ষণ করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

