শিক্ষকতাজীবনের পূর্ণতায় জহির আলী স্যারকে সংবর্ধনা প্রদান, সংবর্ধনগ্রন্থের উন্মোচন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

শিক্ষকতাজীবনের পূর্ণতায় জহির আলী স্যারকে সংবর্ধনা প্রদান, সংবর্ধনগ্রন্থের উন্মোচন

19 July 2026, 10:46:11

শিক্ষকতাজীবনের পূর্ণতায় জহির আলী স্যারকে সংবর্ধনা প্রদান, সংবর্ধনগ্রন্থের উন্মোচন

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষাপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে শিক্ষকতা জীবনের গৌরবময় অধ্যায় সম্পন্ন করেছেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী স্যার।

তাঁর এই বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতি হিসেবে শনিবার (১৮ জুলাই ২০২৬) শ্রীমঙ্গলে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এবং তাঁকে নিয়ে প্রকাশিত একটি বিশেষ সংবর্ধনাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুরু হয়। এর আয়োজন করেছে ‘মো. জহির আলী সংবর্ধনা পরিষদ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান সহ এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নুরুল আলম সিদ্দিকী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, রোটারিয়ান ও ছড়াকার অধ্যাপক অবিনাশ আচার্য, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালাহউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবর্ধিত জীবনে পাঠ করেন হুগলিয়া মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী উম্মে কুলসুম মীম, এসএসসি (২০২৬) পরীক্ষার্থী আনিকা হোসেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সিন্দুরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জনা দেবী, অভিভাবকদের পক্ষে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম; শিক্ষকদের মধ্যে খন্দকার জাকির হোসেন, একরামুল কবীর, জহর তরফদার, ঝলক কান্তি চক্রবর্তী, নান্টু রায়, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক সুধাংশু চক্রবর্তী, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রবাসিনী সিনহা, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিন।

অতিথিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন,

সাংবাদিক আতাউর রহমান কাজল স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রকাশিত সংবর্ধনগ্রন্থ নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

সংবর্ধনা উপলক্ষে প্রকাশিত ‘মো. জহির আলী সংবর্ধনগ্রন্থ’টিতে তাঁর শিক্ষকতা জীবনের নানা দিক, শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের স্মৃতিচারণ, গুণীজনদের মূল্যায়ন, প্রবন্ধ-নিবন্ধ এবং জীবন ও কর্মভিত্তিক নানা লেখা সংকলিত হয়েছে। অনুষ্ঠানে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

সংবর্ধনা পরিষদের আহ্বায়ক ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী মানপত্র পাঠ করেন।

একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের কর্মজীবনের প্রতি সম্মান জানাতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং সর্বস্তরের সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মো. জহির আলী একজন নিবেদিতপ্রাণ ও প্রাগ্রসর শিক্ষক হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় শিক্ষকতা পেশাকে ব্রত হিসেবে গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছেন।

বক্তারা আরও বলেন, গত ৩০ জুন ২০২৬ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের মাধ্যমে মো. জহির আলীর কর্মজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তবে এটি কেবল চাকরি থেকে অবসর নয়; বরং একটি সফল, বর্ণাঢ্য ও গৌরবময় শিক্ষকতা জীবনের পূর্ণতা।

বক্তারা বলেন, শিক্ষা কেবল পেশা নয়, এটি একটি মহান সামাজিক দায়িত্ব। মো. জহির আলী সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে সেই দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষক, প্রশিক্ষক, সংগঠক ও শিক্ষাপ্রশাসক হিসেবে তাঁর অবদান দীর্ঘদিন শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য, মো. জহির আলীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, মানপত্র পাঠ ও সংবর্ধনা প্রদান, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, সংবর্ধনাগ্রন্থের মোড়ক উন্মোচন, গ্রন্থবিষয়ক আলোচনা, সংবর্ধিত শিক্ষকের অনুভূতি প্রকাশ এবং প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আয়োজকদের মতে, এ অনুষ্ঠান শুধু একজন শিক্ষকের অবসর-উত্তর সংবর্ধনা নয়; বরং একজন আদর্শ শিক্ষকের দীর্ঘ কর্মময় জীবনের প্রতি সমাজের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আলোকিত সমাজ গঠনে তাঁর অবদান নতুন প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard