শাহবাগ হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার
শাহবাগ হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট:
জুলাই আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে আদালত মিলনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক গত ১৫ আগস্ট সাবেক এমপি মিলনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার তাকে আদালতে হাজির করা হয়।
আদালতে মিলনের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তার মক্কেল ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসার জন্য আবেদন করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী লিটন মিয়া।
এর আগে ২০২৫ সালের ৬ মে রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে আমিরুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মো. মনির। ওই দিন দুপুরে গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলাটি করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ জনকে।
মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: