মঙ্গলবার ৩০ জুন, ২০২৬

বিনাপানি কে বি কে বিদ্যালয়: জমিদাতা পরিবার কেন উপেক্ষিত?

29 June, 2026 5:30:40
বিনাপানি কে বি কে বিদ্যালয়: জমিদাতা পরিবার কেন উপেক্ষিত?

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

​ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বিনাপানি কে বি কে (কৈখালী বলতলা কানাইপুর) মাধ্যমিক বিদ্যালয়’-এর উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় জমিদাতা পরিবারের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উঠেছে। স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী এই প্রতিষ্ঠানের জমিদাতা পরিবারকে যথাযথ সম্মান ও মূল্যায়ন না করায় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও আক্ষেপ বিরাজ করছে।

​১৯৬৯ সালে ১৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির পেছনে স্থানীয় সমাজসেবক প্রয়াত শরৎ চন্দ্র বালীর অবদান অনস্বীকার্য। তিনিই ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল জমিদাতা ও স্বপ্নদ্রষ্টা। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এর একাডেমিক কার্যক্রম শুরু হয় প্রথম প্রধান শিক্ষক আশুতোষ হাওলাদারের হাত ধরে। দীর্ঘ সময় ধরে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রেবা রানী মন্ডল।

​জমিদাতা পরিবারের সদস্যরা জানান, বিগত সময়ে রাজনৈতিক প্রভাবের কারণে তাদের পরিবারের প্রতিনিধিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে জমিদাতা পরিবারের সুযোগ্য উত্তরসূরিদের সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে জমিদাতা প্রয়াত শরৎ চন্দ্র বালীর নাতি, শিক্ষানুরাগী ও দক্ষ পেশাজীবী রাজিব বলকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দেখতে চান এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

​রাজিব বল পেশাগত জীবনে অত্যন্ত সফল। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা এবং আতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। গ্রামীণফোনের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘ সময় টেরিটোরি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি ঢাকার খিলক্ষেত লেকসিটির ‘আনাসা এন্টারপ্রাইজ’-এ একাউন্টস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

​বিদ্যালয়টির সভাপতি হওয়ার বিষয়ে রাজিব বল বলেন, “বিনাপানি কে বি কে মাধ্যমিক বিদ্যালয় আমার পরিবারের গর্ব। আমার দাদা কৈখালী, বলতলা ও কানাইপুর—এই তিন গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে বিদ্যালয়টির নামকরণ করেছিলেন। আমি দায়িত্ব পেলে সেই স্বপ্ন বাস্তবায়নে এবং স্বচ্ছতা ও আধুনিক শিক্ষা প্রযুক্তির সমন্বয়ে অত্র এলাকায় শিক্ষার গুণগত মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

​শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী উন্নয়ন ও আধুনিকায়নে জমিদাতা পরিবারের সুযোগ্য ও দক্ষ উত্তরসূরিদের সম্পৃক্ত করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন স্থানীয় সুধী সমাজ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport