নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক, কৃষি / বিস্তারিত

নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

7 May 2026, 6:26:20

নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

​মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে আব্দুর রফিক (৪৫) নামের এক ধান কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার ১নং হাজিনগর ইউনিয়নের খোর্দোচাম্পা এলাকার সোনাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ১২-১৫ জনের একটি শ্রমিকের দল সোনাহার গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের ৩ বিঘা জমির ধান কাটতে আসেন। সারাদিন ধান কাটার কাজ শেষে বিকেলে যখন তারা কাটা ধানগুলো জড়ো করছিলেন, ঠিক তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
​আবহাওয়া প্রতিকূল দেখে শ্রমিকরা মাঠ থেকে নিরাপদ আশ্রয়ে ফেরার চেষ্টা করেন। অধিকাংশ শ্রমিক দ্রুত নিরাপদ স্থানে পৌঁছাতে পারলেও আব্দুর রফিক মাঠেই আটকা পড়েন। এসময় হঠাৎ একটি বিকট শব্দে বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন বজ্রাঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং তিনি নিথর অবস্থায় পড়ে আছেন।
​নিহত আব্দুর রফিকের আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, ধান গুছিয়ে বাড়ি ফেরার পথেই প্রকৃতির এই রুদ্ররোষে প্রাণ হারান তিনি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: