রামপালে পুলিশের পোশাকে ডাকাতি, ডাকাত সর্দার সহ আটক ২ | বিডি-প্রেস 24 ডট কম

রামপালে পুলিশের পোশাকে ডাকাতি, ডাকাত সর্দার সহ আটক ২

30 August 2025, 10:55:54

রামপালে পুলিশের পোশাকে ডাকাতি, ডাকাত সর্দার সহ আটক ২

রামপাল প্রতিনিধিঃ ৩০ আগস্ট শনিবার ২০২৫। 
বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের প্রধানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মোল্লাহাট এলাকা থেকে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

আটককৃতরা হলেন—ডাকাত দলের প্রধান ও নরসিংদী জেলার মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে মো. রিয়াজ (৩০) এবং গাজীপুর জেলার সদর উপজেলার সাইদলু হোসেনের ছেলে আল আমিন (৪০)।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে পুলিশের পোশাক পড়ে সংঘবদ্ধ একটি দল ডাকাতি চালায়। এসময় তারা নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রযুক্তির সহায়তায় শুক্রবার সকাল ৭টায় ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করে। তবে দলের আরও ৫-৬ জন সদস্য পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল হ্যাকিং ডিভাইস, দুটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, ৫ লাখ ১৬ হাজার টাকা, গ্রিল কাটার, গ্যাস কাটার এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি আতিকুর রহমান আরও জানান, ঘটনায় জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার (৩০ আগস্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানো হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: