ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিক সম্মেলন
ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে প্রকাশিত একতরফা ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার বাসিন্দা মো. আব্বাস আলী। নিজের ও পরিবারের সম্মান রক্ষায় এবং সত্য উদঘাটনে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি।
লিখিত বক্তব্যে আব্বাস আলী জানান, গত ২৯ জুন সোমবার পাটিয়াডাঙ্গী বাজারে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় ৩ নং রাজাগাঁও ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান রিপন (ওরফে হাজী রিপন) কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই তার ও তার পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার ভিত্তিহীন অভিযোগ করেন। পরবর্তীতে সেই বক্তব্যকে পুঁজি করে ‘হিমালয়ের পাশে’ নামক একটি ফেসবুক পেজে সাংবাদিক আনোয়ার হোসেন কোনো প্রকার সত্যতা যাচাই বা ভুক্তভোগী পরিবারের সাক্ষাৎকার না নিয়েই একতরফা ও মানহানিকর সংবাদ পরিবেশন করেন।
সংবাদ সম্মেলনে আব্বাস আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের কোনো সদস্য কখনোই কোনো প্রকার অবৈধ বা মাদক ব্যবসার সাথে জড়িত ছিলাম না এবং নেই। আমরা দীর্ঘদিন ধরে সমাজের সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছি। সমাজে আমাদের একটি সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে। একটি কুচক্রী মহলের প্ররোচনায় আমাদের সম্মানহানি করতেই এই কাল্পনিক গল্প সাজানো হয়েছে।’
তিনি আরও জানান, ভিত্তিহীন অভিযোগ উত্থাপনকারী আমিনুর রহমান রিপন পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে জনরোষের মুখে সেই হিমালয়ের পাশে ফেসবুক লাইভে এসে তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে, অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে আব্বাস আলী বলেন, ‘সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে সাংবাদিকতার নূ্ন্যতম নৈতিক দায়িত্ব হলো সত্যতা যাচাই করা এবং ভুক্তভোগী পক্ষের বক্তব্য নেওয়া। কিন্তু দুঃখজনকভাবে ‘হিমালয়ের পাশে’ পেজের রিপোর্টার কোনো পেশাদারিত্বের তোয়াক্কা না করেই এই অপপ্রচার চালিয়েছেন।’
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানান যেন সত্যতা যাচাই না করে ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা না হয়। অন্যথায়, মানহানি ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের আশ্রয় নিতে তিনি বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: