ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারীদের ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / চাকুরী / বিস্তারিত

ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারীদের ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ

28 June 2026, 11:09:41

ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারীদের ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ ফজলুল কবির, ঝিনাইদহ  প্রতিনিধিঃ

অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ ব্যবস্থা বাতিল, স্থায়ী নিয়োগ চালু এবং নতুন পে-স্কেল বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার সকালে ঝিনাইদহে ওজোপাডিকোর কার্যালয় চত্বরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের পর আন্দোলনরত কর্মীরা তাদের দাবি আদায়ের পক্ষে একটি বিক্ষোভ মিছিলও বের করেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াবুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুববিষয়ক সম্পাদক জাবেদ আলী এবং সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওজোপাডিকোতে তীব্র জনবল সংকট ও পদসংক্রান্ত নানা জটিলতা বিরাজ করছে। এই সংকট নিরসনে অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি করা, আউটসোর্সিং ও অস্থায়ী নিয়োগ ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করা এবং যোগ্য কর্মীদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। একই সঙ্গে তারা নতুন পে-স্কেল বাস্তবায়নসহ তাদের উত্থাপিত ১২ দফা দাবি দ্রুত কার্যকর করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
আন্দোলনরত নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কর্মীদের এসব ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বাড়ছে। অবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওজোপাডিকো কার্যালয় চত্বরে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: