নাচোলে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জাতীয় / বিস্তারিত

নাচোলে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

17 July 2026, 11:37:00

নাচোলে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই সকাল ১১টায় নাচোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাস। সভায় দিবসটি সুষ্ঠু, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতা বাস্তবায়নসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ সুলতানা রাজিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ দুলালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এয়াকুব আলী এবং নাচোল পৌর জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস জাতির ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ও স্মৃতিবিজড়িত দিন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের আদর্শ ও দেশপ্রেমের চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ দিবসের গুরুত্ব অপরিসীম। তাই দিবসটি সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ মর্যাদায় পালনে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি আগামী প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত সহযোগিতায় নাচোলে জুলাই শহীদ দিবস-২০২৬ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ, মর্যাদাপূর্ণ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উদযাপিত হবে বলে আমরা আশাবাদী।”
সভা শেষে দিবসটির সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় মর্যাদা অক্ষুণ্ন রেখে সকল কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: