প্রজনন মৌসুমে সুন্দরবনে বিষদস্যুদের তৎপরতা, অভিযানে ১৫০ কেজি চিংড়ি জব্দ
প্রজনন মৌসুমে সুন্দরবনে বিষদস্যুদের তৎপরতা, অভিযানে ১৫০ কেজি চিংড়ি জব্দ

ফরহাদ হোসাইন, কয়রা (খুলনা) প্রতিনিধি:
প্রজনন মৌসুম উপলক্ষে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটক প্রবেশসহ সব ধরনের পাস-পারমিট বন্ধ থাকলেও থেমে নেই বিষ দিয়ে মাছ শিকার। বন বিভাগের অভিযানে এবার আনুমানিক ১৫০ কেজি বিষাক্ত চিংড়ি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে স্মার্ট খুলনা-১ টিমের টিম লিডার মো. শাহিনুর রহমানের নেতৃত্বে, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন এবং বজবজা ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে পশ্চিম সুন্দরবনের জোড়শিং পল্টন সংলগ্ন হারেজখালী গ্রামের পাশের নদীতে যৌথ অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিষ প্রয়োগ করে শিকার করা আনুমানিক ১৫০ কেজি চিংড়ি মাছ এবং অপরাধে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা রাতের অন্ধকারে লোকালয়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, সুন্দরবন বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র গোপনে বিষ দিয়ে মাছ শিকারের চেষ্টা করছে। লোকালয়ের কাছাকাছি হওয়ায় অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তারপরও বিষাক্ত চিংড়ি ও নৌকাটি জব্দ করা সম্ভব হয়েছে।
স্মার্ট খুলনা-১ টিমের টিম লিডার মো. শাহিনুর রহমান বলেন, জব্দ করা বিষাক্ত চিংড়ি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে মাছগুলো ধ্বংস করা হবে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় বিষ দিয়ে মাছ শিকারসহ সব ধরনের বনজ অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: