শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জাতীয় / বিস্তারিত

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

26 June 2026, 10:01:12

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার | শেরপুর:

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে আটকদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা চার শিশুকেও আটক করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে এসে আন্তর্জাতিক সীমান্তের ১০৯৫ নম্বর পিলারের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন।
তবে বিজিবির কঠোর নজরদারির কারণে সেদিন রাতে তারা সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হন। বৃহস্পতিবার রাতে পুনরায় ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, আটক ৯ জনের মধ্যে চারজনই শিশু। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: