ঈদের ছুটিতে আলীকদমে পর্যটকের ঢল: পাহাড়-ঝর্ণায় উপচে পড়া ভিড়ে প্রাণ ফিরে পেল পর্যটন স্পটগুলো | বিডি-প্রেস 24 ডট কম
হোম / সারাদেশ / বিস্তারিত

ঈদের ছুটিতে আলীকদমে পর্যটকের ঢল: পাহাড়-ঝর্ণায় উপচে পড়া ভিড়ে প্রাণ ফিরে পেল পর্যটন স্পটগুলো

31 May 2026, 7:32:09

ঈদের ছুটিতে আলীকদমে পর্যটকের ঢল: পাহাড়-ঝর্ণায় উপচে পড়া ভিড়ে প্রাণ ফিরে পেল পর্যটন স্পটগুলো

মোঃ নুরুল ইসলাম (রাজু),আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ 

পবিত্র ঈদুল আযাহার ঈদের ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদম উপজেলায় দেখা দিয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পাহাড়ি জনপদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসছেন পাহাড়-ঝর্ণার অপরূপ রূপ উপভোগ করতে।

আলীকদমে রয়েছে প্রায় পালংক্ষিয়াং, দামতুয়া, থানকোয়াইন এবং রূপমুহুরীসহ ১৪টি মনোরম ঝর্ণা এবং বাংলাদেশের জনপ্রিয় রোংরাং, ক্রিসতং ও লিবলুহুং, বুছিতং, ওয়ালিতংসহ অন্তত ৮টি পাহাড়। এছাড়াও রহস্যময় আন্ধারমানিক ও নারিস্যা ঝিরি এবং বিস্তীর্ণ রিজার্ভ ফরেস্ট পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। এসব পাহাড়ের চূড়া সামিট করতে, বর্ষায় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে এবং দেশের জনপ্রিয় দুই নদী মাতামুহুরি ও রূপসী তৈনখাল নৌকা ভ্রমণে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা।

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান, আলীকদমে আগত পর্যটকদের নিরাপত্তা ও সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যটক তথ্য সেবা কেন্দ্র চালু রাখা হয়েছে। সেখানে পর্যটকদের পরিচয়পত্র সংরক্ষণ করে নিবন্ধনের মাধ্যমে গাইড নিয়ে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক তদারকি করছে।

আলীকদম ট্যুর গাইড এসোসিয়েশনের সদস্য রাজু বলেন, “প্রতি ১২ জন পর্যটকের জন্য একজন গাইড নিশ্চিত করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা পর্যটকদের নিরাপদে ঝর্ণা ও পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছি এবং নিরাপদে ফিরিয়ে আনছি।”

পর্যটক পরিবহন সংশ্লিষ্ট সদস্য সালাউদ্দিন জানান, “আলীকদমে আগত পর্যটকদের নির্ধারিত নিয়মে ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি।”

এদিকে পর্যটক বিশ্লেষক ও সাংবাদিক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, “পর্যটকরা আমাদের অতিথি। তাদের উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি আলীকদমের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে কিছু রিজার্ভ ফরেস্ট ও সীমিত স্পট নিরাপত্তা নিশ্চিত করে পর্যায়ক্রমে উন্মুক্ত করা যেতে পারে। এতে আলীকদম একটি সম্ভাবনাময় আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।”

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি বৈচিত্র্য ও নিরাপদ ভ্রমণ ব্যবস্থার কারণে আলীকদম এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: