কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

6 November 2026, 2:43:44

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত: গ্রেফতার ১

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ রাতেই লিমন মিয়া (৩০) নামের একজনকে আটক করেছে।

​স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে কয়েকজন বখাটে যুবক মাদক সেবন করছিল। ওই সময় বাজার যাওয়ার পথে বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা দেন এবং কড়া ভাষায় মাঠ ছেড়ে চলে যেতে বলেন শাহরিয়ার জামান রানা।

​এ সময় আফতাব উদ্দিন নামের এক কিশোর কথা না শুনে উল্টো তর্ক জুড়ে দিলে রানা তাকে চড়-থাপ্পড় দেন। পরবর্তীতে ওই কিশোর বাড়ি গিয়ে তার চাচা তাজুল ইসলামকে বিষয়টি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তাজুল ইসলাম দলবল নিয়ে হাতে ছুরি নিয়ে গচিহাটা বাজারে রানার খোঁজ শুরু করেন। একপর্যায়ে চিত্রা ফার্মেসিতে বসে থাকা অবস্থায় রানার বুকের ডানপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাজুল ইসলাম।

​আহতের ছোট ভাই সাব্বির জামান রনি জানান, ঘটনার পর রানাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে এবং খিঁচুনি শুরু হলে তাকে সরাসরি ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৩টার দিকে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, হামলার খবর পেয়েই রাতেই পুলিশি অভিযান চালিয়ে লিমন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard