লামা বমু রিজার্ভ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের , সংবাদ সংগ্রহে গিয়ে হুমকি
লামা বমু রিজার্ভ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের , সংবাদ সংগ্রহে গিয়ে হুমকি
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)
বান্দরবানের লামা বন বিভাগের অধীন বমু বিটের সংরক্ষিত রিজার্ভ বনাঞ্চলের জমি দখল করে পাকা ভবন ও নতুন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য মুরশিদা বেগমের বিরুদ্ধে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ বনাঞ্চলের ভেতরে একটি পাকা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া আরও একটি নতুন স্থাপনার নির্মাণকাজ চলমান। পাকা বাড়ি নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের আইনের তোয়াক্কা না করে পাহাড় কাটার অভিযোগও রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে গেলে ইউপি সদস্য মুরশিদা বেগম উত্তেজিত আচরণ করেন এবং সাংবাদিকদের উদ্দেশে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেন। সাংবাদিকদের কাছে থাকা ভিডিও ফুটেজে তাকে বলতে শোনা যায়, কার অনুমতি নিয়ে এখানে ঢুকছেন ? এবং ফরেস্টরও এখানে আসতে হলে আমার অনুমতি নিয়ে আসে। এছাড়া সাংবাদিকদের ‘বেঁধে রাখা’ ও ‘দেখে নেওয়ার’ মতো হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বমু বিট কর্মকর্তা রনি পারভেজ বলেন, জনবল সংকটের কারণে অভিযুক্ত স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। তিনি জানান, এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষ সংরক্ষিত বনাঞ্চলে ছোট কোনো স্থাপনা নির্মাণ করলেও বন বিভাগের মামলার মুখোমুখি হন এবং অনেক ক্ষেত্রে তা উচ্ছেদ করা হয়। কিন্তু প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি শুধু বনভূমি দখলের অভিযোগ নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে দখল ও ব্যবহারের প্রশ্নও। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত ইউপি সদস্য মুর্শিদা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



