শনিবার ২০ জুন, ২০২৬

১৮ বছর পর ঢাকা থেকে গ্রেফতার কাঠালিয়ার চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি

19 June, 2026 10:39:20
১৮ বছর পর ঢাকা থেকে গ্রেফতার কাঠালিয়ার চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

​ঝালকাঠির কাঠালিয়ায় ২০০৮ সালে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইদ্রিস শিকদারকে দীর্ঘ ১৮ বছর পর ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের স্ত্রী ও আপন ভাইকে হত্যার মতো জঘন্য অপরাধের দায়ে তিনি এই সাজা পেয়েছিলেন।

​২০০৮ সালে কাঠালিয়া এলাকায় জমিজমা নিয়ে ইদ্রিস শিকদার ও তার ভাই কুদ্দুস শিকদারের সাথে প্রতিবেশী ফারুক জমাদার ও কবির জমাদারসহ ৫-৬ জনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষকে আইনি জটিলতায় ফাঁসাতে ইদ্রিস শিকদার ও কুদ্দুস শিকদার এক ভয়াবহ পরিকল্পনা করেন। তারা নিজেদের আপন ভাই মানিক শিকদার এবং ইদ্রিসের অন্তঃসত্ত্বা স্ত্রী (৭ মাসের গর্ভবতী) শেফালী বেগমকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেন।

​ঘটনার পর ইদ্রিস শিকদার বাদী হয়ে প্রতিপক্ষ ফারুক জমাদার ও কবির জমাদারসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে স্থানীয় পুলিশের নিবিড় তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ তদন্তে নিশ্চিত হয় যে, এটি একটি সাজানো নাটক ছিল। নিজেদের অপরাধ ঢাকতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে ইদ্রিস ও কুদ্দুস নিজেরাই এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

​তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ার পর পুলিশ বাদী হয়ে ইদ্রিস শিকদার ও কুদ্দুস শিকদারের বিরুদ্ধে পাল্টা হত্যা মামলা দায়ের করে এবং পূর্বের মিথ্যা মামলার আসামিদের এই দায় থেকে অব্যাহতি প্রদান করে।

​মামলাটির বিচারকার্য শেষে ঝালকাঠির বিজ্ঞ জজ আদালত ইদ্রিস শিকদার ও কুদ্দুস শিকদার উভয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই কুদ্দুস শিকদার জেলহাজতে থাকলেও ইদ্রিস শিকদার দুই বছর কারাভোগের পর জামিনে বেরিয়ে দীর্ঘ সময় পলাতক ছিলেন। অবশেষে পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় সম্প্রতি তাকে ঢাকা থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

​বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি ইদ্রিস শিকদারকে আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দীর্ঘ ১৮ বছর পর মামলার প্রধান আসামির গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং ন্যায়বিচারের প্রত্যাশা পূর্ণ হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport