স্বামী হত্যার রহস্য ঘোর কাটেনি, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার: এতিম দুই সন্তান
স্বামী হত্যার রহস্য ঘোর কাটেনি, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার: এতিম দুই সন্তান

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাবার কবরের মাটি এখনও শুকায়নি, এরমধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে চলে গেলেন মা-ও। মাত্র ৭২ দিনের ব্যবধানে মা-বাবা দুজনকে হারিয়ে দিশেহারা ও বাকরুদ্ধ হয়ে পড়েছে দুই নিষ্পাপ শিশু।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বুধবার (২৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বানিয়াগ্রাম-আচমিতা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অন্তরা আক্তার (২৭) নামে এক নারী। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাজদিয়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে কটিয়াদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি মারাত্মকভাবে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা অন্তরা আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।
নিহত অন্তরার পরিবার সূত্রে জানা যায়, তার স্বামী কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান গত মে মাসে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এর কয়েকদিন পর ১৮ মে কটিয়াদী বাজারের ভোগপাড়া এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বামী হত্যার সঠিক বিচার ও মামলার তদারকির জন্য অন্তরাকে প্রায়ই কিশোরগঞ্জ সদরে যাতায়াত করতে হতো। ঘটনার দিনও তিনি আইনি দরকারে স্বজনদের সাথে কিশোরগঞ্জে গিয়েছিলেন। তবে সেখান থেকে আর জীবন্ত ফেরা হলো না তার।
উল্লেখ্য,স্বামী জিল্লুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কটিয়াদী থানায় মামলা করা হলেও ৭২ দিনেও প্রকৃত আসামিকে সনাক্ত করতে না পারায় পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) তদন্ত করছে।
কটিয়াদী পৌর সদরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এই দম্পতির অকাল প্রয়াণে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে তাদের দুই সন্তান—ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছায়মা এবং তৃতীয় শ্রেণির ছাত্র জিহাদ। মা-বাবাকে হারিয়ে স্বজনদের আকুল কান্না আর দুই সন্তানের বাকরুদ্ধ চাহনি উপস্থিত সবাইকে ভাসিয়েছে চোখের জলে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: