“শৈশবের হাসি থেমে গেল পানিতে, চিরঘুমে দাদা ও নাতি” | বিডি-প্রেস 24 ডট কম

“শৈশবের হাসি থেমে গেল পানিতে, চিরঘুমে দাদা ও নাতি”

18 September 2025, 5:39:21

“শৈশবের হাসি থেমে গেল পানিতে, চিরঘুমে দাদা ও নাতি”

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে পুকুরে গোসল করতে নেমে দাদা-নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শাহাজান মোল্লা (৯৫) ও তার নাতি নূরুল কাদের (৮)। নিহত নূরুল কাদের ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল কাদেরের বাবা নূরুজ্জামান মোল্লা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বৃহস্পতিবার সকালে তিনি ছেলে নূরুল কাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। দুপুরে দাদা-নাতি বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামলে নূরুল কাদের পা পিছলে পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দাদা শাহাজান মোল্লাও গভীর পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করেন।

এদিকে নূরুল কাদেরের মা ঢাকায় অবস্থান করছেন। সরাসরি মৃত্যুর খবর না জানিয়ে অন্যভাবে জরুরি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে শাহাজান মোল্লার ছোট ছেলে দুবাই প্রবাসী, তিনি দেশে ফেরার পথে রয়েছেন।

শুক্রবার সকাল ১১টা বা ১২টার দিকে নিজ বাড়িতে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দাদা-নাতির এমন করুণ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের আকাশ-বাতাস।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard