বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ

18 November, 2026 9:10:26
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আনন্দঘন পরিবেশে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে এইচএসসি প্রথম বর্ষের দল।

খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করলেও শেষ পর্যন্ত নিজেদের আধিপত্য বজায় রেখে জয় নিশ্চিত করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। তাঁদের মুহুর্মুহু করতালি ও উৎসাহে পুরো কলেজ মাঠ চত্বর মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী বলেন, “খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, মনকে প্রফুল্ল করে এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। আজকের তরুণরাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের কর্ণধার। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত হতে হবে।”

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, “বর্তমানে যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে। মাদক একটি জীবন, একটি পরিবার এবং পুরো জাতির স্বপ্ন ধ্বংস করে দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সবাইকে মাদককে ‘না’ বলে সুস্থ ও সুন্দর জীবন গড়তে হবে।”

শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি এবং পুরো টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard