শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজাপুরে সাবরেজিস্ট্রার অফিস ও হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

18 September, 2026 12:44:13
রাজাপুরে সাবরেজিস্ট্রার অফিস ও হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

মোঃ ইমরান মুন্সি, ​জেলা প্রতিনিধি ঝালকাঠি:

​নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুরে সাবরেজিস্ট্রি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।বৃহস্পতিবার দুপুরে তিনি এই দুই সরকারি দপ্তরে গিয়ে সার্বিক কার্যক্রম ও সেবার মান সরাসরি খতিয়ে দেখেন।

​পরিদর্শনকালে এক দলিল গ্রহীতা তিন লাখ টাকার জমির দলিল করতে গিয়ে ৩৬ হাজার টাকা অতিরিক্ত ফি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ জানান সংসদ সদস্যের কাছে। বিষয়টি শুনে তিনি তাৎক্ষণিকভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সাবরেজিস্টারের কাছে এর যথাযথ ব্যাখ্যা চান। এ সময় তিনি সরকারি নির্ধারিত ফি-র বাইরে যেকোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় অবিলম্বে বন্ধ করার কঠোর নির্দেশ দেন।

​এমপি রফিকুল ইসলাম জামাল ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, কোথাও কোনো অনিয়ম বা ঘুষের ঘটনা ঘটলে সাধারণ মানুষ যেন অবিলম্বে তথ্য-প্রমাণসহ তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

​সাবরেজিস্ট্রি অফিস পরিদর্শনের পর তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানে চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। হাসপাতালের বর্তমান সেবাপ্রদান ও সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চলমান অনিয়ম, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্বার ব্যক্ত করেন। তিনি এসব সামাজিক ব্যাধি দূর করতে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard