রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা
রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

মোঃ সাইদ হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে পেশাগত দায়িত্ব পালনের জেরে দুর্বৃত্তদের নির্মম হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন গাংপাড়া কবরস্থানের সামনে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে এক সহকর্মীর বাড়িতে যাওয়ার পথে গাংপাড়া কবরস্থানের সামনে একদল সশস্ত্র দুর্বৃত্ত সাংবাদিক সম্রাটের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত ইব্রাহিম হোসেন সম্রাট নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কাজ করছেন।
একই ঘটনায় সাংবাদিক আবির শেখ ও তার পরিবারের সদস্যরাও হামলার শিকার হয়েছেন। এতে আবির শেখ, তার ৯ বছর বয়সী ছোট ভাই আব্রাহাম, বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) এবং দাদি(৭০) সোনিয়া আহত হয়েছেন।
সাংবাদিক আবির শেখের দাবি, সাম্প্রতিক সময়ে অবৈধ পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি ও ভিডিও চিত্র ধারণের জেরে এ পরিকল্পিত হামলা চালানো হয়। তিনি অভিযোগ করে বলেন, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার প্রত্যক্ষ নেতৃত্বে দুর্বৃত্তরা এই হামলা সংগঠিত করেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে রুদ্ধ করার সামিল। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: