মোল্লাহাটে মুসলিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী
মোল্লাহাটে মুসলিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী

মোল্লাহাট উপজেলা প্রতিনিধি
বাগেহাটের মোল্লাহাটে চাঞ্চল্যকর সাত বছরের শিশু মুসলিমাকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কচুড়িয়া খাঁ মার্কেট এলাকায় মোল্লাহাট-চিতলমারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এক ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে মুসলিমা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করত, সেই কচুড়িয়া শেখ হেমায়েত উদ্দিন নূরানী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া কচুড়িয়া বাজার হাজী সাবের মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, কচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আড়ুয়াডিহি ও নালুয়া এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা শিশু মুসলিমা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কচুড়িয়া বাজার ঘুরে আবার খাঁ মার্কেট এলাকায় এসে শেষ হয়।
গত ২৬ সেপ্টেম্বর রাতে কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মুসলিমার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিবেশী জাহাঙ্গীর এর বসত বাড়ি ঘটনার দিন রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয় এবং থানা পুলিশ ওই দিনই তিনজন আসামিকে আটক করে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: