মোল্লাহাটে প্রভাবশালী চক্রের তান্ডবে কাচনা গ্রামবাসীর চরম উৎকণ্ঠা, অভিযুক্তদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত
মোল্লাহাটে প্রভাবশালী চক্রের তান্ডবে কাচনা গ্রামবাসীর চরম উৎকণ্ঠা, অভিযুক্তদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাচনা গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয় চিহ্নিত চার ব্যক্তি মইনুর, শাহিদুল শেখ, দুখু শেখ ও রহমান শেখের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, বলপ্রয়োগ করে জমি দখল এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোর সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন এলাকাবাসী। চক্রটির এসব অপরাধমূলক কার্যকলাপে চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ গ্রামবাসী।
স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মইনুর, শাহিদুল ও দুখু কাচনা গ্রামে একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছেন। হামলা ও মামলার ভয় দেখিয়ে তারা সাধারণ মানুষের মুখ বন্ধ করে রেখেছেন। তাদের যেকোনো অপকর্মের প্রতিবাদ করলেই অকথ্য নির্যাতন ও মামলার শিকার হতে হয়। একাধিকবার স্থানীয় থানা ও প্রশাসনের দারস্থ হয়েও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী হাসান শেখ অভিযোগ করেন, শাহিদুল শেখ তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে অবৈধভাবে সাইনবোর্ড টানিয়ে জমি দখল করে নিয়েছেন। অপর ভুক্তভোগী ফুলমিয়া শেখ জানান, দলিলের সম্পত্তি অনুযায়ী গ্রাম্য শালিসে জমির মালিকানা নির্ধারিত হলেও শাহিদুল ও মইনুর জোরপূর্বক সেই জমি দখল করে রেখেছেন। শিশুরাও রক্ষা পাচ্ছে না এই চক্রের হাত থেকে; ভুক্তভোগী ওবায়দুল শেখের আট বছরের শিশুপুত্র কারিম শেখ অভিযোগ করে জানায়, স্থানীয় এক শিশুর কথার সূত্র ধরে মইনুর ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে বেদম মারধর করে আহত করেন।
এছাড়াও ভুক্তভোগী রাবেয়া খাতুন জানান, তার স্বামী ওমর শেখকে রাজনৈতিকভাবে টার্গেট করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দুই কন্যাসন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অবৈধ ড্রেজার চালানোর খবর উপজেলা প্রশাসনকে দেওয়ার সন্দেহে আরজিনা বেগম ও পারুল বেগমসহ বেশ কয়েকজনকে মারপিট, গালিগালাজ এবং এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়েছে।
ব্যক্তি মালিকানা জমি দখল ছাড়াও এলাকার পরিবেশ ধ্বংস করে রমরমা অবৈধ বাণিজ্যের অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্যমতে, চক্রটি এলাকায় অবাধে সরকারি জমির মাটি কেটে বিক্রি করছে। পাশাপাশি শক্তিশালী ড্রেজার বসিয়ে রাতের আঁধারে নদী বা খালের বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন ও মারাত্মক পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে কাচনা এলাকায়।
স্থানীয় সচেতন মহলের মতে, আইনের তোয়াক্কা না করে এভাবে সরকারি সম্পদ লুটপাট এবং সাধারণ মানুষের জমি দখলের ঘটনা গ্রামীণ জনপদে আইনের শাসনকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। অনতিবিলম্বে অভিযুক্তদের অবৈধ ড্রেজার ব্যবসা, মাটি কাটা এবং দখলবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত মইনুরের সাথে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অভিযোগকারীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছেন। তার ভাষ্যমতে, বিগত ১৭ বছর ধরে তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও বিভিন্ন মামলার শিকার হয়ে আসছেন। বর্তমান পরিস্থিতিতে একটি মহল তার সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব মিথ্যা অভিযোগ তুলছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদৎ হোসেন জানান, মোল্লাহাট থানায় এমন কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: