​কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

​কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন

14 November 2026, 2:24:11

​কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন

মোঃ ইমরান মুন্সি,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১১৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদারের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সরেজমিন তদন্ত কার্যক্রমে নতুন নাটকীয়তা ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সালিশ বৈঠকের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষে তদন্ত কমিটিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

​বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সচেতন নাগরিকদের পক্ষে পুনরায় আবেদনের পরিপ্রেক্ষিতে কাঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গত ১১ নভেম্বর (বুধবার) তদন্ত কমিটি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে তদন্ত কাজ শুরু করেন।

​এ সময় পূর্বে অভিযোগকারী দূরসম্পর্কের এক নারী তদন্ত কমিটির ওপর হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা তো বিষয়টি মিটিয়েই ফেলেছি, এরপর আবার কিসের তদন্ত?” এমনকি তিনি সংবাদ সংগ্রহে উপস্থিত সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দেন। উপস্থিত সচেতন মহল তখন জানতে চান যে কী ধরনের সমাধান হয়েছে? জবাবে ওই নারী জানান, তারা নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে ফেলেছেন।

​তদন্তের মূল বিপত্তি বাঁধে সালিশে লেনদেন হওয়া ৩০ হাজার টাকা নিয়ে। অনুসন্ধানে জানা যায়, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদারের বিরুদ্ধে ওঠা অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি জেনে ফেললে অভিযুক্ত পক্ষ থেকে দাবি করা হয় যে ওই টাকা স্কুলে জমা আছে। তবে বাস্তবে ওই টাকার কোনো সুনির্দিষ্ট হদিস বা প্রাতিষ্ঠানিক প্রমাণ মেলেনি।

​এছাড়া, প্রথমদিকে যিনি অভিযোগের মূল বাদী ছিলেন, তিনি কেন বা কার ইন্ধনে অভিযোগ করেছিলেন এবং পরবর্তীতে কেনই বা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন—এমন প্রশ্ন করা হলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ ছাড়াও কৌতূহলোদ্দীপক বিষয় হলো, ঘটনার দিন হেনস্তার শিকার হওয়া অনেক ভুক্তভোগী শিক্ষার্থী কোনো এক অজ্ঞাত কারণে ‘খালা বাড়িতে বেড়াতে গেছে’ বলে জানানো হয়। সচেতন নাগরিকদের ধারণা, অদৃশ্য কোনো চাপে বা প্রভাবে ওই শিশুদের সেদিন উপস্থিত করা হয়নি, যার ফলে তাদের বক্তব্য স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

​এর আগে চলতি বছরের আগস্ট মাসে বিদ্যালয়ের ভেতরে প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদার কর্তৃক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দীকা ও কুলসুমসহ একাধিক শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। তখন স্থানীয়ভাবে সালিশ বসিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদার ভুলবোঝাবুঝি দাবি করে টাকা লেনদেনের কথা স্বীকার করলেও পরে তা ফেরত দেওয়া হয়েছে বলে জানান।

​এ বিষয়ে কাঠালিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান জানিয়েছেন, অভিযোগটি বর্তমানে গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিধি অনুযায়ী কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে, সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন ন্যক্কারজনক অভিযোগ এবং তা ধামাচাপা দেওয়ার অপচেষ্টায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard