মোল্লাহাটে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ১০ লক্ষ টাকার মাছ নিধন: সর্বস্বান্ত ছয় মৎস্যচাষি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

মোল্লাহাটে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ১০ লক্ষ টাকার মাছ নিধন: সর্বস্বান্ত ছয় মৎস্যচাষি

12 May 2026, 8:33:35

মোল্লাহাটে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ১০ লক্ষ টাকার মাছ নিধন: সর্বস্বান্ত ছয় মৎস্যচাষি

কে এম মাহামুদুল হক, মোল্লাহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে রাতের আঁধারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তুহিন মিয়া ও কেরামত শেখসহ প্রায় ৬ চাষি তাদের দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনি আর পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

মঙ্গলবার (১২ মে) উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে উপজেলার ক্ষতিগ্রস্ত চাষিদের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। আজ সকালে চাষিরা ঘেরে গিয়ে দেখেন রুই, কাতলা, মৃগেল এবং রপ্তানিযোগ্য সাদা মাছ ও চিংড়ি মরে পানিতে ভেসে উঠেছে। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং গ্রামবাসী এই অমানবিক দৃশ্য দেখতে ভিড় জমান।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তুহিন মিয়া। তার ঘেরে থাকা রেনু চিংড়ি এবং বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে গিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এবং কেরামত শেখের ঘেরে থাকা বড় ও পুরাতন মাছসহ প্রায় ২ লক্ষ টাকার মাছ নিমিষেই শেষ হয়ে গেছে। এছাড়াও হেদায়েত মোল্লা নামে এক মৎস্য চাষীর ১ লক্ষ টাকার মাছ, রবু শেখ ১ লক্ষ টাকার মাছ, মোসলেম শেখ ৫০ হাজার টাকার মাছ, ইব্রাহিম শেখের ৫০ হাজার টাকার মাছ নিধন হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, সব মিলিয়ে এই এলাকায় ১০ লক্ষ টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। কান্নাভেজা কণ্ঠে ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, অনেক স্বপ্ন আর ঋণ নিয়ে এই ঘের করেছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন পাওনাদারদের টাকা কীভাবে শোধ করব আর সংসার কীভাবে চলবে তা ভেবে কোনো কূল পাচ্ছি না।

এ ঘটনায় এলাকায় মাছ চাষিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, মাদক সেবীরা সামান্য টাকার জন্য ঘেরে বৃষ্টি করে মাছ চুরি করে। বর্তমানে মাদকের ভয়াবহতা এতটাই বেড়েছে যে প্রতিনিয়ত গ্রামে নানা ধরনের অপকর্মের ঘটনা ঘটছে। এই ধরনের জঘন্য কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিষয়টি থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, মৎস্য চাষিরা অনেক স্বপ্ন নিয়ে ঘেরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। তাদের সেই আশায় বিষ ঢেলে দিয়ে দুষ্কৃতিকারীরা মাছ চুরি করে। কখনো কখনো শত্রুতার বশে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোরা দাবি জানাচ্ছি।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

মোল্লাহাটের শান্তিপ্রিয় মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত করে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
#######!!

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard