মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাস বয়সী শিশুকে বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাস বয়সী শিশুকে বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ হাজার টাকার বিনিময়ে এক মায়ের কাছ থেকে তাঁর ১ বছর ৩ মাস বয়সী শিশুসন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই তরুণীর প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। শিশুটির নাম আলামিন।
পরবর্তী সময়ে স্বামীর সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন।
অভিযোগ রয়েছে, গতকাল (১১ নভেম্বর) বিকেলে নাছির শিকদারের স্ত্রী ও তরুনীর বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলা এলাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে কী পরিস্থিতিতে শিশুটিকে অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে, আদৌ অর্থের বিনিময়ে বিক্রির ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ঐ তরুনী বলেন,হ্যা আমার বাচ্চাকে খাওয়া ও চিকিৎসার খরচ চালাইতে পারিনা বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।
এদিকে, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, “এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাঁদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন এলাকাবাসীর প্রধান দাবি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: