বদরগঞ্জে প্রধান শিক্ষকের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দখলচেষ্টা, প্রতিরোধে প্রতিবেশীরা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

বদরগঞ্জে প্রধান শিক্ষকের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দখলচেষ্টা, প্রতিরোধে প্রতিবেশীরা

12 November 2026, 4:51:02

বদরগঞ্জে প্রধান শিক্ষকের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দখলচেষ্টা, প্রতিরোধে প্রতিবেশীরা

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজপাড়া এলাকায় দলীয় পরিচয়ে লোকজন নিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে করিম মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দিলে দখলচেষ্টার অপপ্রয়াস ব্যর্থ হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বদরগঞ্জের সততা সারের দোকানের স্বত্বাধিকারী করিম মিয়া কয়েকজন লোকজন নিয়ে শাহপুর মহিলা ডিগ্রি কলেজপাড়া এলাকায় প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন। ঘটনার সময় বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না। সরকারি চাকরির সুবাদে তিনি সপরিবারে প্রায়ই খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ায় গ্রামের বাড়িতে অবস্থান করেন।

এ বিষয়ে নিকট প্রতিবেশী শামসুল আলম ও সাফিকুল ইসলাম জানান, প্রায় ১৫ বছর আগে তাঁদের বাবার কাছ থেকে প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান ওই বসতভিটা কিনেছিলেন। তাঁরা বলেন, মালিকের অনুপস্থিতিতে করিম মিয়া সম্পূর্ণ অন্যায়ভাবে লোকজন নিয়ে সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছেন। পরে স্থানীয় নারী-পুরুষ প্রতিবেশীরা এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে প্রাচীরের বাকি অংশ ভাঙতে পারেননি তাঁরা।

প্রতিবেশীরা এ ঘটনাকে নিন্দনীয় ও আপত্তিকর উল্লেখ করে বলেন, এভাবে জবরদখলের চেষ্টা করে বিরোধ সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। এ ঘটনার আইনানুগ প্রতিকার হওয়া প্রয়োজন।

ভুক্তভোগী বাড়ির মালিক ও প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রকাশ্য দিবালোকে সীমানাপ্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা! আমরা এই সমাজে কতটা নিরাপদ?’

তিনি বলেন, কয়েক মাস আগে করিম মিয়া তাঁর গ্রামের বাড়িতে গিয়ে বাড়িটি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। বর্তমানে তাঁর ভাগনে, বড় শ্যালিকার ছেলে অধ্যাপক মনিরুজ্জামান সুমন এক সপ্তাহ ধরে বাড়িটির সংস্কারকাজ তদারকি করছেন। এর মধ্যেই গত শনিবার সকাল ১১টার দিকে প্রতিবেশীর মাধ্যমে মোবাইল ফোনে খবর পান, করিম মিয়া লোকজন নিয়ে এসে ভোরে তাঁর বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছেন।

খন্দকার হাবিবুর রহমান আরও বলেন, ‘আমি মানুষ গড়ার কারিগর। কারও সঙ্গে বিবাদে জড়াতে চাই না। তবে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টির প্রতিকার ও নিরসনে ব্যবস্থা নেব।’ তিনি জানান, তাঁর সাংবাদিক বন্ধুরা ইতোমধ্যে দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিডিও ধারণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছেন। তাঁর দাবি, করিম মিয়া সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারে সীমানাপ্রাচীর ভাঙার বিষয়টি অকপটে স্বীকার করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভ ও নিন্দা জানান আমাদের সময়-এর প্রতিনিধি মাহাবুবার রহমান বিপ্লব, গ্লোবাল চ্যানেলের প্রতিনিধি নুরুন্নবী নুরু, আমার দেশ-এর প্রতিনিধি এম এ ছালাম বিশ্বাস, নাগরিক চ্যানেলের প্রতিনিধি ইশতিয়াক আহমেদ রিফাত এবং দৈনিক বাংলার আলো-এর প্রতিনিধি সোহেল রানা।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও সাংবাদিক শ্যামল লোহানী কঠোর প্রতিবাদ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। বদরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাহো রংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. ফেরদৌস আলী ও মানবজমিন-এর সাংবাদিক মেজবাহুল ইসলাম সবুজও বাড়ি জবরদখলের চেষ্টার নিন্দা জানিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard