শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অভিযোগ অস্বীকার অবসরপ্রাপ্ত শিক্ষকের

19 November, 2026 9:45:48
মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অভিযোগ অস্বীকার অবসরপ্রাপ্ত শিক্ষকের

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ হাওলাদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এক পক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক। অন্যদিকে, সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে উপহার দেওয়ার অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির এক নেত্রী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মোরেলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, তিনি ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন শেষে অবসরে যান। এ উপলক্ষে গত ১৪ নভেম্বর উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁকে বিদায় সংবর্ধনা দেন এবং উপহারসামগ্রী প্রদান করেন।

তিনি অভিযোগ করেন, ওই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি মহল ভিন্ন ব্যাখ্যা দিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় ও উপহার গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে তাঁর দীর্ঘদিনের কর্মজীবন ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছালাম হাওলাদার, প্রধান শিক্ষক সরদার মনিরুল ইসলাম, ওহিদুল ইসলাম, আকন বখতিয়ার, বাসার মোল্লা, শহিদুল ইসলাম, মাহমুদা খানম, মাকসুদা খানম, আকবর আলী, মজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

এর আগে গত ১৬ নভেম্বর একই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু। সেখানে তিনি অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিভিন্ন শিক্ষকের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে উপহারসামগ্রী দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ শিক্ষকদের হয়রানির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন সাবিনা ইয়াসমিন টুলু। ওই সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে স্থানীয় শিক্ষক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard